কেসিসি নির্বাচন: প্রচারণায় কেন্দ্রীয় নেতারা
নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীর জন্য ভোট চাইতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন খুলনা ছুটছেন।
এই ভিআইপি রাজনীতিকরা খুলনা নেমেই নিজ নিজ দলের সমর্থিত প্রার্থীর জন্য প্রচারণা শুরু করেছেন।
দলের দায়িত্বশীল নেতারা জানান, শুক্রবার খুলনা পৌঁছেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম। শনিবার পৌঁছেছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পঙ্কজ দেবনাথ।
এছাড়া রোববার ও সোমবারের মধ্যে আরো কয়েকজন কেন্দ্রীয় নেতা আসার কথা রয়েছে।
তারা সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্রচারণা চালাবেন।
অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় শনিবার দুপুরে খুলনা পৌঁছেছেন। এছাড়া দুয়েকদিনের মধ্যে আসার কথা রয়েছে আরো কয়েকজন কেন্দ্রীয় নেতা।
তারা ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান মনির পক্ষে প্রচারণায় অংশ নেবেন।
নির্বাচনের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। এরমধ্যে প্রার্থীরা প্রচারণার সময় পাবেন পাঁচদিন। তাই শেষ মুহূর্তে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত তালুকদার আব্দুল খালেক এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত মনিরুজ্জামান মনির পক্ষে নেতারা মাঠে নামছেন।
তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেকের তালা প্রতীকের পক্ষে শেখ সেলিম শুক্রবার খুলনা এসেই প্রচারে অংশ নিয়েছেন।
শনিবার সকালেও তিনি নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এবং ১টায় পেশাজীবী সম্মিলিত নাগরিক কমিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদও দুয়েকদিনের মধ্যে খুলনা আসবেন বলেও মিজান জানান।
খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিভিন্ন আঞ্চলিক ভোটার এবং নতুন ভোটারদের আকর্ষণ বাড়াতে খুলনা এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া দুয়েকদিনের মধ্যে আসবেন শাজাহান ওমর এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল।
