বিএনপির জন্মই তাদের আজন্ম পাপ: আশরাফ
বিএনপি গণতান্ত্রিক দল নয় বলেই তারা সমঝোতায়ও বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার আহ্বানে সাড়া না দেয়ায় প্রধান বিরোধীদলের সমালোচনা করে আশরাফ বলেন, “বিএনপির জন্মই তাদের আজন্ম পাপ। তাদের জন্ম স্বৈরাচারের গর্ভে। তারা গণতান্ত্রিক দল নয়। তাই তারা সমঝোতায় বিশ্বাস করে না।”
“আলোচনার কথা আর কত বলবো? প্রধানমন্ত্রীসহ আমাদের শতবার আলোচনার আহ্বানেও তারা সাড়া দেয়নি। তারা যেটা চায়- তা হলো; দুধ, ভাত, কলা খালেদা জিয়ার সামনে নিয়ে খেতে দিতে হবে। ক্ষমতা কী খাওয়ানো যায়?”
পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে বলে জানান আশরাফ।
টকশো’তে অংশগ্রহণকারীদের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে যারা মধ্যরাতের টক’শোতে অংশ নেন, তাদের সমালোচনা করে আশরাফ বলেন, “কথা বলেই যারা জীবিকা নির্বাহ করেন, তাদের ওপর দেশের জনগণের আস্থা নেই।”
আক্ষেপের সুরে আশরাফ বলেন, “কেন যে এতগুলো টেলিভিশনের লাইসেন্স দিলাম? এত টকশো। ইউরোপ-আমেরিকাতেও এত টকশো হয় না। এসব টকশোর বক্তাদের ইতিহাসটা কী? ব্যর্থতার ইতিহাস।”
“তারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। একটা নির্বাচনও করতে পারেনি”
আওয়ামী লীগ মুখপাত্র বলেন, “গণতন্ত্রের কথা বলায় শেখ হাসিনাকে জেলে যেতে হয়েছে। আকবরকে (আকবর আলি খান) তো জেলে যেতে হয়নি।”
সাংবিধানিকভাবে আগামী জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে আশরাফ বলেন, “১৯৯৬ সালে খালেদা জিয়াকে একদলীয় নির্বাচন করে রাতারাতি সংবিধান সংশোধন করে ক্ষমতা ছাড়তে হয়েছিল। আমরা যদি করি এ ধরনের পরিস্থিতি হবে না। আমরা সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করব। আওয়ামী লীগ কোনদিন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না।”
