২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাব ধরে পরিবেশমন্ত্রীকে আবার তারেকের নোটিস

উকিল নোটিসের জবাবেও তারেক রহমানের প্রতি অবমাননা করা হয়েছে অভিযোগ করে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদকে আবার নোটিস পাঠিয়েছেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 10:19 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার রেজিস্ট্রার্ড ডাকযোগে এই নোটিস পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তারেকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এক বক্তব্যে তারেককে রঘু ডাকাতের সঙ্গে তুলনা করা হয়েছে অভিযোগ করে গত ২৭ মে মন্ত্রীকে উকিল নোটিস পাঠিয়েছিলেন খালেদা জিয়ার লন্ডনপ্রবাসী ছেলে।

তার জবাবে হাছান মাহমুদ বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানকে ‘দুর্নীতি ও সন্ত্রাসের বরপুত্র’ বলায় নতুন করে নোটিসটি পাঠানো হয়েছে বলে কায়সার কামাল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বক্তব্য তারেক রহমানের প্রতি অবমাননাকর। আমরা এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে পরিবেশমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছি।”

তারেক সম্পর্কে এ ধরনের বক্তব্য দিয়ে গেলে মন্ত্রীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নতুন নোটিসে বলা হয়েছে।

কায়সার কামাল বলেন, “নোটিসের জবাব আমাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে। এর অনুলিপি তারেক রহমানকে দেন নাই। তার মানে জবাবটি তিনি আমাকেই দিয়েছেন।

“যেখানে আমাদের বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ব্যবস্থাও তিনি আমার বিরুদ্ধেই গ্রহণের হুমকি দিয়েছেন।”

“নোটিস দেয়ার জন্য একজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়া যায় না,” উল্লেখ করে নতুন নোটিসে এই ধরনের কাজ থেকে বিরত থাকতেও মন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক সমাবেশে বক্তব্য দেন। প্রবাসে প্রথম রাজনৈতিক সভায় তারেকের বক্তব্য নিয়ে সরকারি দলের নেতারা সমালোচনা করে আসছেন।

এ রকমই একটি বক্তব্য ধরে গত ২৭ মে পরিবেশমন্ত্রীকে উকিল নোটিস পাঠান তারেক, যাতে দৈনিক আমাদের সময়ে গত ২৫ মে প্রকাশিত একটি প্রতিবেদনের অংশ বিশেষ উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, “তারেক রহমানকে পরিবেশমন্ত্রী পৌরাণিক কাহিনীর রঘু ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের মধ্যমণি, দুর্নীতি ও সন্ত্রাসের বরপুত্র তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী ঘোষণা করে বিএনপি প্রকারান্তরে জানিয়ে দিয়েছে, তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসবান্ধব।”

এর পর তারেকের পাঠানো উকিল নোটিসের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি হাওয়া ভবনের মাধ্যমে বিকল্প প্রশাসন গড়ে তুলেছেন। দেশব্যাপী সন্ত্রাস ও দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটিয়েছেন। এ কারণে মানুষ তাকে দুর্নীতি ও সন্ত্রাসের বরপুত্র হিসাবে বিবেচনা করতেন।

গত রোববার এই বক্তব্য সম্বলিত জবাব তারেকের আইনজীবীর কাছে মন্ত্রীর পক্ষে পাঠান সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

Image
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

জবাব পাঠানোর পরদিন তিনি সাংবাদিকদের বলেন, “তারেক রহমানকে ডাকাতের সঙ্গে তুলনার বিষয়টি পত্রিকায় যেভাবে এসেছে, পরিবেশমন্ত্রী সেভাবে বলেননি।”

উকিল নোটিস পাঠানোর পাশাপাশি সংবাদ সম্মেলনে কায়সার কামালের বক্তব্যে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে মতিন খসরু বলেন, “এই অবস্থায় ওই উকিল নোটিস প্রত্যাহার না করলে দেওয়ানি ও ফৌজদারি আইনে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিবেশমন্ত্রীর পাশাপাশি একই  ধরনের একটি বক্তব্যের জন্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকেও উকিল নোটিস পাঠিয়েছেন তারেক।

লন্ডনে সভার পর তারেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি পরোয়ানা জারি করেছে আদালত। তবে বিএনপির দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পুরনো খবর:

‘তারেকের নোটিস প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা’
পরিবেশমন্ত্রীকে তারেকের উকিল নোটিস
সরকারকে চাপ দিতে সক্রিয় হন: তারেক রহমান