মানববন্ধন করতে না পেরে ময়মনসিংহে হরতাল ডাকলো বিএনপি
মানববন্ধন কর্মসূচিতে বাধা পেয়ে বৃহস্পতিবার ময়মনসিংহে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এই দিন জেলার মুক্তাগাছা থেকে ভালুকা পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার সড়কে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপি।
এরপর একই স্থানে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগ মানববন্ধনের ঘোষণা দেয়।
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাত এড়াতে প্রশাসন সদর, মুক্তাগাছা, ত্রিশাল ও ভালুকা উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যায় নতুন বাজার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
