তারেকে আতঙ্কিত সরকার: বিএনপি
তারেক রহমান সম্পর্কে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার একজনের একটি বক্তব্যেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, “পররাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকদের কাছে তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন, ‘তিনি একজন ফেরারি আসামি। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন’। আমরা তার এমন বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানাই।”
হরতালের মধ্যে দলীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়।
দুদু অভিযোগ করে বলেন, “একজন নেতা একটি সভা ও একটি বক্তব্যে সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়, অন্ধকার ঘরে সাপ দেখার মতো চমকে উঠেছেন তারা।”
গত ২৩ মে লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় জনগণকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তার ওই বক্তব্যে সরকারের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এর পর পরই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলায় জেলা জজ আদালত তারেককে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ব্যর্থতার কথা উল্লেখ করে দুদু বলেন, “পররাষ্ট্রমন্ত্রী দেশের পররাষ্ট্র নীতিকে জলাঞ্জলি দিয়েছেন। পাশ্ববর্তী দেশ ছাড়া এখন আমাদের কোনো বন্ধু নেই।”
তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডন গেছেন- স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এ বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “ইতোমধ্যে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কোথায়, কখন, কবে, কার কাছে মুচলেকা দিয়েছেন, তা জাতির কাছে পরিষ্কার করতে বলেছেন। কিন্তু তিনি কোনো জবাব আজো দেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গতকাল পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তারেক রহমান না কি রাজনীতি থেকে পদত্যাগ করে লন্ডন গেছেন।”
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, তারেক রহমান কখনো দল ও রাজনীতি থেকে পদত্যাগ করে লন্ডন যাননি। ওই সময়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এরপর জাতীয় কাউন্সিল তাকে সর্বসম্মতভাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। পদত্যাগ কিংবা মুচলেকার প্রশ্নই উঠে না।”
