অধিবেশনে ফিরেছে বিএনপি
ওয়াকআউটের পরদিন বাজেট অধিবেশনে ফিরেছেন বিএনপির সংসদ সদস্যরা।
মওদুদ আহমেদের নেতৃত্বে বিএনপি সাংসদরাও এ সময় অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এদিন অধিবেশনে আসেননি।
বিএনপির সাংসদদের মধ্যে ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, বরকত উল্লাহ বুলু অধিবেশনে এলেও বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুক আসেননি।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দিনের কার্যসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে ফেরে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় সাংসদরা। এদিনই দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অভিষেক ঘটে।
সোমবার সংসদ বসার ৫১ মিনিটের মাথায় বেরিয়ে গিয়ে আর ফেরেননি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
আর সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞার’ প্রতিবাদে অধিবেশনের দুই ঘণ্টার মাথায় মওদুদ আহমদের নেতৃত্বে ওয়াক আউট করেন বিরোধী দল সংসদ সদস্যরা।
তারা বেরিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, “আজ প্রমাণ হয়ে গেছে, বেতন ভাতা ও সদস্য পদ রাখতে তারা (বিএনপি) সংসদে এসেছেন। আর আট দিন অনুপস্থিত থাকলে তাদের সদস্য পদ বাতিল হয়ে যেত।”
