২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফিরল বিএনপি

দীর্ঘ ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর সংসদে ফিরেছেন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার বিকেল সাড়ে ৫টায় দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়।

এর ২০ মিনিটের মাথায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও শরিক দলগুলোর ৩৮ জন সংসদ সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

তারা প্রবেশের ঠিক আগেই স্পিকারের স্বাগত বক্তব্য শেষ হয়। দায়িত্ব নেয়ার পর সংসদে প্রথম বক্তৃতায় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান আসতে পারে।

বিরোধী দল অধিবেশনে যোগ দিলে ট্রেজারি বেঞ্চে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান।

স্পিকার শিরীন শারমিনও বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানান।

বিরোধী দলীয় নেতা তার আসনে বসার আগে নতুন স্পিকার হাত তুলে তাকে সালাম জানান।

অধিবেশনে যোগ দেয়ার আগে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা হয়।

সভা শেষে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। অধিবেশন শুরু হলে আমরা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দেব।”

খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, এ এম মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরওয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মোশাররফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, এ বি এম আশরাফউদ্দিনসহ ৩৫ জন সদস্য অধিবেশনে উপস্থিত হন।

এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর আ ন ম শামশুল ইসলাম, এ এইচ এম হামিদুর রহমান আযাদও অধিবেশনে অংশ নিচ্ছেন।

টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত বিরোধী দলের সদস্যদের পদ রক্ষায় এ অধিবেশনেই সংসদে ফেরার বাধ্যবাধকতা ছিল। কার্যপ্রণালী বিধি অনুযায়ী টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়।

এর আগে ৮৩ কর্ম দিবস অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ বিএনপি সংসদ  অধিবেশনে যোগ দেয়। এর আগেও টানা অনুপস্থিতির পর ২০১১ সালের ২৪  মার্চ অষ্টম অধিবেশনে যোগ দিয়েছিলেন তারা।

চলতি নবম সংসদের ৩৭০ কার্যদিবসের মধ্যে এ পর্যন্ত মাত্র ৫৪ দিন সংসদে ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সেই হিসাবে এই সংসদে ৩১৬ কার্যদিবস বর্জন করেছে বিরোধী দল, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড।

গত ১৪ মে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৬ জুন সংসদে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।

পুরনো খবর:

সংসদীয় দলের সঙ্গে বসেছেন খালেদা