২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারেকের বিরুদ্ধে ব্যবস্থা আদালতের নির্দেশে’

আদালতের আদেশ অনুযায়ী তারেক রহমানের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারকে দেয়া মুচলেকার শর্ত তারেক রহমান ভেঙেছেন। আদালত তার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছে, সংবিধান মেনে সরকারি কর্মকর্তাদের তা পালন করতে হবে।”

Image
File Photo

File Photo

গত ২৬ মে খালেদা জিয়ার বড় ছেলে তারেককে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত।

১/১১ এর জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যান। এক ডজনেরও বেশি মামলা মাথায় নিয়ে স্ত্রী-সন্তানসহ তিনি এখনো সেদেশে রয়েছেন।

বৃহস্পতিবারও চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে দেয়া মুচলেকায় লেখা ছিল পরবর্তী সময়ে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন না।

“আমি মনে করি লন্ডনে একটি জনসভায় অংশ নিয়ে সেখানে রাজনৈতিকভাবে বিকৃত বক্তব্য উপস্থাপন করে তারেক রহমান তার মুচলেকার শর্ত লঙ্ঘন করেছেন।”

গত ২০ মে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির নেতাদের নিয়ে এক বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে চাপ দিতে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানকারী তারেক রহমানের সেটিই ছিল প্রথম প্রকাশ্য সভা। ওই সমাবেশের পর তারেককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা।

আইডিইবি’র ছাত্র সদস্য প্রতিনিধি সম্মেলন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিখেছেন- মানুষের জীবন তাকে স্পর্শ করে।

এই বাণী থেকে শিক্ষা নিয়ে মানুষকে স্পর্শ করে এমন মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে উঠতে তরুণ ডিপ্লোমা প্রকৌশলীদের আহ্বান জানান মহীউদ্দীন খান আলমগীর।

শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, আইডিইবি সভাপতি এ এক এম হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহ্বয়াক জাকির হোসেন প্রমুখ।