স্কুল ছাত্র খুন: ১২ জনের যাবজ্জীবন
নেত্রকোনার স্কুল ছাত্র আসাদুজ্জামান কবির হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ রানা বাবুল, আল আমিন, সেলিম খাঁ, মজিদ খান, মৌজ আলী মোজাম্মেল, মো. একদিল, নজরুল ইসলাম, মো. নজরুল, রমজান খান, কাদির, গনি মিয়া ও আলিম।
এছাড়া মামলার অন্য একটি ধারায় তাদের প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় হয়েছে।
২০০৫ সালের ২৪ এপ্রিল নেত্রকোনা সদরের বামনীকোন গ্রামে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
মামলার বিবরণে বলা হয়, পারিবারিক শত্রুতার জের ধরে বামনীকোনা গ্রামের ফজলুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে আসামিদের মারামারির মধ্যে পড়ে গিয়ে খুন হন স্কুলছাত্র আসাদ।
পরে ফজলুল হক এই মামলা দায়ের করেন।
এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে মোট ১৫ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষের শুনানি করেন এম রফিকুল ইসলাম।
