২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল  ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এরপর কবর প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিএনপ চেয়ারপারসন খালেদা জিয়া এসব কর্মসূচিতে অংশ নেবেন ।

এছাড়া বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে কবর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ব্যবস্থা থাকবে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করবে ড্যাব।

সকাল থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

বুধবার নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালনে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে ‘প্রতিবন্ধতকা’ সৃষ্টি করছে। মোহাম্মদপুর টাউন হলে এ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়া। বিএনপি দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।

দিনটি উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতি, শনি ও রোববার ঢাকা সিটি কর্পোরেশনের সব থানা ও ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। রাজধানীর ধানমন্ডি, লালবাগ, কামরাঙ্গীরচর, সূত্রাপুর, পল্টন, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, রমনা ও খিলগাঁও; সোমবার তেজগাঁও, কাফরুল, পল্লবী, মিরপুর, আদাবর, ক্যান্টনমেন্ট, উত্তরা, বাড্ডা ও গুলশান, কোতয়ালী, শ্যামপুরসহ  সব থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হবে।

জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর খালেদা জিয়া সকাল ১১টায় খামার বাড়ি থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শুরু করবেন।

চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিএনপি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন করবে। এজন্য সব জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি আলাদাভাবে কর্মসূচি গ্রহন করেছে।” 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। এরপর সেনাপ্রধান হন জিয়াউর রহমান। ওই বছরের ৭ নভেম্বর ‘সিপাহি-জনতার বিপ্লবের’ পর রাষ্ট্রপতি বিচারপতি এএসএম সায়েমের নেতৃত্বে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৭৮ সালের ২১ এপ্রিল।

১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করেন। তবে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়া পরবর্তীকালে সেনাশাসন ও মুক্তিযুদ্ধবিরোধীদের পুনর্বাসিত করার দায়ে ব্যাপকভাবে সমালোচিত হন।