২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সময়ক্ষেপণ করছে: ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংকট উত্তরণে আলোচনার কথা বলে ‘সময় ক্ষেপণ’ করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “সরকার সময় ক্ষেপণ করছে। আমি বিদেশে থাকাকালে ১৫ দিন পত্র-পত্রিকা পড়ে দেশের খবরাখবর নিয়েছি। আমি মনে করি, দেশের বর্তমান সংকট সৃষ্টির জন্য সরকারই দায়ী।”

আর ‘সরকারসৃষ্ট’ এই সংকট উত্তরণে সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিএনপির মুখপাত্র।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে।অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তা বয়কটের হুমকি রয়েছে বিএনপির।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য বিরোধী দলকে প্রস্তাব দিলেও বিএনপি বলছে, আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে, তারপরই আলোচনা হতে পারে।

সম্প্রতি হরতালের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের গলার ধমনীতে রক্ত চলাচলে জটিলতা দেখা দেয়। গত ৬ মে কারামুক্ত হয়ে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

ইউনাইটেডের চিকিৎসকদের পরামর্শেই গত ১৪ মে সিঙ্গাপুরে যান ফখরুল। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা চলে।

সিঙ্গাপুরে যাওয়ার দিন মির্জা ফখরুল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “দেশবাসী বিশ্বাস করে, একটি অর্থবহ সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে।

“আমরা চাই, দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সব সমস্যার সমাধান হোক।”

সিঙ্গাপুর যাওয়ার সময়ে হুইল চেয়ারে করে বিমানে উঠলেও ফেরার পর তিনি পায়ে হেঁটে নিজের গাড়িতে উঠেন। বিকালে দলীয় নেতা-কর্মী বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, আগের চেয়ে তিনি ভালো অনুভব করছেন।

রাজনীতিতে এখনই  সক্রিয় হচ্ছেন কি না জানতে চাইলে এই বিএনপি নেতা বলেন, “চিকিৎসকের পরামর্শ নিয়ে আমি আবার কাজ শুরু করতে চাই।”

পুরনো খবর:

সংলাপে ‘সংকট উত্তরণের’ আশা ফখরুলের