তারেকের বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহারের দাবি
খালেদা জিয়ার বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পাশে এ মানববন্ধন হয়, যাতে বিএনপির ১৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যরা তারেক রহমানের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান। তারেক রহমান সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনাও করেন তারা।
রোববার তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারি করে ঢাকার আদালত।
মানববন্ধনে বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে তারেক রহমান যখন বিদেশে চিকিৎসাধীন তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আইন বহির্ভূত।”
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আওয়ামী লীগের ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
আগামী ৩ জুন শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে বিএনপি যোগ দেবে, এমন আশা প্রকাশ করে তিনি আরো বলেন, “আন্দোলনের অংশ হিসেবে আমরা সংসদে যোগ দেয়ার আশা করছি। আমরা রাজপথেও আছি, সংসদেও আছি।”
তারেক রহমানকে গ্রেপ্তার প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে শহীদ উদ্দিন বলেন, “বটতলার উকিল কামরুল, আদালত এবং দুদকের বক্তব্যের মধ্যে মিল রয়েছে। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।”
গত ২০ মে পূর্ব লন্ডনের এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
এরপর দেশে তার ওই বক্তব্যের সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, “তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা বাস্তবায়ন করতে যা যা দরকার, আদালত সবই করবে।”
মানববন্ধনে বগুড়া থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জেডআইএম মোস্তফা আলী মুকুল বলেন, “তারেক রহমান যখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সময়পযোগী বক্তব্য দিয়েছেন তখনই তার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক পরোয়ানা জারি করা হলো। সরকার একদিকে বলছে সংলাপে অংশ নিতে, আরেকদিকে যারা সংলাপে অংশ নেবে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছে।”
সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, “তারেক রহমান একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ। তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার পরোয়ানা জারি করেছে।”
সংসদ সদস্য মো. জাফরুল ইসলাম চৌধুরী বলেন, “আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা নেই বলেই আইন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আবোল-তাবোল কথা বলছেন।”
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেন, “প্যারোলে মুক্তি নিয়ে থাকা অবস্থায় কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না।”
সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরো অংশ নেন নাজিম উদ্দিন আহমেদ, শেখ সুজাত মিয়া, হাফিজুর রহমান, লুৎফুর রহমান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু ও গোলাম মোস্তফা।
