তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় দেখানো হচ্ছে: বিএনপি
তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় নির্মাণ ইন্টারন্যাশনালের মালিক খাদিজা ইসলামকে তার গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
খালেদা জিয়ার ছেলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতের আদেশের পর রোববার রাতে নয়া পল্টনে জরুরি এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ওই সংবাদ সম্মেলনে খাদিজা ইসলামেরও থাকার কথা ছিলো। কিন্তু ‘নিরাপত্তাজনিত’ কারণে তিনি থাকতে পারেননি।
তারেকের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে যে মামলা হয়েছে, তাতে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির মালিক খাদিজার সম্পৃক্ততা রয়েছে।
মামলার অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে খাদিজা ইসলামের কাছ থেকে টাকা নিয়ে তারেককে দেন তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। এরপর তা পাচার করা হয়।
শামসুজ্জামান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে খাদিজাকে সাক্ষ্য দিতে বলা হলেও তিনি রাজি হননি।
“এতে তিনি রাজি না হওয়ায় রোববার সন্ধ্যায় তার বাসায় গুলশান থানার ওসি গিয়ে হুমকি দিয়েছে, তিনি যেন আগামীকালের মধ্যে বাসাটি ছেড়ে দেন।”
খাদিজা টেলিফোনে তা বিএনপি নেতাদের জানিয়েছেন বলে শামসুজ্জামান জানান।
খাদিজা ইসলামের সঙ্গে বিজ্ঞানী প্রয়াত জামাল নজরুল ইসলামের আত্মীয়তার কথা তুলে ধরে বিএনপি নেতা বলেন, “এই রকম একটি স্বনামধন্য পরিবারের সঙ্গে পুলিশ যে দুর্ব্যবহার করেছে, তাতে প্রমাণিত হয় যে এই সরকারের কাছে কারো নিরাপত্তা নেই।”
শামসুজ্জামান জানান, গুলশানের ৯৬ নম্বর সড়কের ১০/বি নম্বর বাড়িটি লেখক সৈয়দ ওয়ালি উল্লাহ‘র কাছ থেকে কিনেছিলেন খাদিজা ইসলামের স্বামী এ জেড ইসলাম। স্বামীর মৃত্যুর পর খাদিজা ইসলাম ও তার দুই ছেলে এর মালিক হয়েছেন।
