‘দলীয় সরকারের নির্বাচন বন্ধে সবকিছু করা হবে’
দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহতে যা কিছু করার ‘সবকিছু’ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, “শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন যে হবে না তা দেশের সকলই জানেন। তাই তাদের উচিত বাস্তবতা মেনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করা।”
বিএনপির আন্দোলনে পুলিশের হামলা অনৈতিক উল্লেখ করে তিনি বলেন, “তাই বলে তাদের (পুলিশ) বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি না। মনে রাখবেন এটা আমাদের দুর্বলতা নয়, গণতান্ত্রিক পদ্ধতিকে অনুসরণ করা।”
“তবে কোন অবস্থাতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দিব না, দলীয় নির্বাচন প্রতিহতে যা যা করার সবকিছুই করা হবে,” বলেন বিএনপির এই স্থায়ী কমিটির এই সদস্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার জবাবে রফিকুল ইসলাম মিয়া বলেন, “আবার ১/১১ হলে আমার নেত্রী জেলে যাবেন, আর আপনি কি শ্বশুর বাড়িতে থাকবেন?”
সম্প্রতি এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পুনরায় ১/১১ এলে বিরোধী দলীয় নেত্রীকে আবার জেল খাটতে হবে।
ভবিষ্যতে দুর্নীতিবাজ ও লুণ্ঠনকারীদের নির্বাচন করতে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সৎ ও দুর্নীতি মুক্ত সরকার গঠন করবে।
‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম।
সংগঠনটির চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক মোন্তফা কামাল মজুমদার, মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, জয়নুল আবেদিন, কবিন মুরাদ, শাম্মী আক্তার, শাহাদাত হোসেন সেলিম, এম জহির আলী, ডা. মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
