নেতাদের ‘আমলনামা’ হাসিনার হাতে
নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নেতাদের কার কী অবস্থা, যা নিজেই যাচাই করে দেখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় একথা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাদের আচরণ ‘ঠিক’ করার পরামর্শ দেন।
শেখ হাসিনা বলেন, “গোয়েন্দা সংস্থা নয়, আমি নিজের মতো করে জরিপ করি।
“তিনটা ডিভিশনের তথ্য আমার হাতে আছে, বাকি চারটি ডিভিশন আসছে। ওই জরিপ আমি নিজেই দেখি। তারপর, অন্যদের মতামতের সঙ্গে টালি করে মেলাবো।”
নির্বাচনের কয়েক মাস আগে নেতাদের উদ্দেশে এই সতর্কবার্তা দিলেন শেখ হাসিনা।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করে।
আগামী সংসদ নির্বাচনকে ‘বিশ্বকাপ ফুটবল ফাইনাল’ আখ্যায়িত করে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভায় বলেন, “নির্বাচনে জিততে যা যা করার করতে হবে। কোন্দল থাকবে না। নেতায় নেতায় দ্বন্দ্ব ঝেড়ে ফেলতে হবে।
“আপনাদের আচার-আচরণ বিশ্লেষণ করে জনগণ ভোট দেবে। আমি কী বোঝাতে চাচ্ছি, তা আপনারা বুঝতে পারছেন।”
শেখ হাসিনা আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে তৃণমূল নেতাদের মতামত নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
গণভবনের ব্যাংকোয়েট হলে সকাল সাড়ে ১০টায় সভা শুরুর সময় নির্ধারিত ছিলো। শেখ হাসিনা ২৫ মিনিট পর সভাস্থলে উপস্থিত হন।
