Published : 15 May 2013, 05:15 AM
বুধবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ কর্মসূচি ঘোষণা করেন।
সোম ও বুধবার দুই দফায় নয়া পল্টনে ১৮ দলের সমাবেশের অনুমতি না পাওয়ার পর এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংবাদ সম্মেলনে দুদু বলেন, “সভা-সমাবেশ করতে না দেয়ার সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীর মুক্তি, দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং অযোগ্য সরকারের পদত্যাগের দাবিতে আমরা আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি।”
তিনি বলেন, সরকার নিরাপত্তার কথা বলে বিরোধী দলকে সভা-সমাবেশ করে দিচ্ছে না। তারা গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়ে একদলীয়ভাবে দেশ পরিচালনা করছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে গত সোমবার নয়া পল্টনে সমাবেশের ঘোষণা দেয় বিরোধীদলীয় জোট। পুলিশের অনুমতি না মেলায় বুধবার ওই সমাবেশ করার ঘোষণা দেয় তারা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে এদিনও তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

এদিকে, সকাল ৯টা থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চারদিকে এবং নয়া পল্টন সড়কের বিভিন্ন গলিতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কার্যালয়ে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়ে বিরোধী দলের কর্মীরা।