১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সীমান্তে অস্থিরতার জন্য ভারত ‘অশুভ পরিকল্পনা’ অব্যাহত রেখেছে: জামায়াত

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানানোর পাশাপাশি আলোচনায় মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজার আহ্বান জামায়াতের।

সীমান্তে অস্থিরতার জন্য ভারত ‘অশুভ পরিকল্পনা’ অব্যাহত রেখেছে: জামায়াত
রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরার অধিবেশন হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 09:42 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

সীমান্তে ‘অস্থিরতা সৃষ্টির জন্য’ প্রতিবেশী ভারত ‘অশুভ পরিকল্পনা’ অব্যাহত রেখেছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনের পর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতের অশুভ পরিকল্পনার কারণে সম্প্রতি পুশ ইন চেষ্টা, আন্তর্জাতিক সীমান্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের অন্যায়ভাবে গুলি করে হত্যা করছে বিএসএফ।”

সীমান্তে পুশ ইন বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দৃঢ় ও কঠোর অবস্থান গ্রহণ করে বিজিবিকে সক্রিয় রাখতে হবে। পাশাপাশি সীমান্তবর্তী নাগরিকদের সতর্ক রাখতে স্থানীয় সরকার ও প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানানোর পাশাপাশি আলোচনায় মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে জামায়াত।

এ জন্য আন্তর্জাতিক ‘লবি’, মানবাধিকার সংগঠনগুলোকে কাজে লাগানোর কথা বলছে দলটি।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে মজলিসে শূরার অধিবেশন শুরু করে জামায়াত। দলের আমির, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সভায় বক্তব্য দেন।