সিঙ্গাপুরে হাসপাতালে ফখরুল
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারামুক্ত ফখরুল মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। বিকালে সেখানে পৌঁছনোর পর সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি ভর্তি হয়েছেন বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানানো হয়েছে।
ফখরুলে গলার ধমনীর রক্ত চলাচলে সমস্যা হচ্ছে। গত ৬ মে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুর গেলেন।
ফখরুলের সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।
গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানে মির্জা ফখরুলও গ্রেপ্তার হন। পরদিন তাকে ছেড়ে দেয় পুলিশ।
এরপর গত ৭ এপ্রিল কয়েকটি মামলায় বিচারিক আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমান সরকারের আমলে ফখরুল তিন দফা কারাভোগ করেন।
