জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গড়তে ১৪ দলকে তাগিদ
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সারা দেশে কমিটি গড়ে তুলতে ১৪ দলের সহযোগিতা চেয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
১৪ দলের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সেক্টর কমান্ডারস্ ফোরামের নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমরা জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তুলছি। এজন্য, ১৪ দলের সহযোগিতা দরকার।”
মহাজোট সরকারের বেশ কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, “চার বছর ধরে মহাজোট সরকার মৌলবাদীদের অনেক ছাড় দিয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও তাদের ছাড় দেয়া হয়েছে।”
সংখ্যালঘুদের ওপর হামলায় সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
“সরকার, মহাজোট এবং নাগরিক সমাজ যে যার মতো কাজ করছে। কিন্তু, কোনো সমন্বয় নেই।”
প্রশাসনের ‘রন্ধ্রে রন্ধ্রে’ জামায়াতে ইসলামীর লোক রয়েছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার কবির।
১৪ দলের সঙ্গে সমমনা সামাজিক সংগঠনগুলোর মধ্যে ‘ঐক্যবদ্ধ প্রয়াসের’ অভাব রয়েছে বলে মন্তব্য করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চূ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস বলেন, “সকল সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আগামীতে আরো সহিংসতার আশংকা প্রকাশ করে বলেন, “জামাত-শিবিরের সঙ্গে যুদ্ধের মতো একটা জিনিস হবে। ওই যুদ্ধে জয়ী হতে হবে।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া দালাল আইন পুনরজ্জীবনের দাবি জানান।
ঢাকার বাইরে সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হলেও রাজধানীতে ১৪ দলের কর্মসূচিতে জনসমাগম কম হওয়ায় ভবিষ্যতে আরো মনোযোগী হতে নেতাদের প্রতি আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “কিছু বিচ্যুতি থাকলেও শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।”
“এখানে নিরপেক্ষতার কোনো প্রশ্ন নেই। হয় এদিক, নাহলে ওদিক।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেন, “পাঁচ তারিখ (৫ মে) বাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে- এরা কারা। নারীকে এক ঘরে বসে থাকতে হবে- তা হেফাজতের ১৩ দফার এক দফা।”
“পাঁচ তারিখ ষড়যন্তকারীরা পরাজিত হয়েছে,” বলেন তোফায়েল।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, ঝুনা চৌধুরী, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
