২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক

চলমান রাজনৈতিক সঙ্কটের অবসানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে আসা জাতিসংঘ প্রতিনিধি দলটি জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জামায়াতে ইসলামীর আগে অস্কার ফার্নান্দেজ তারানকো নেতৃত্বাধীন এই দলটি অন্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করে।

সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতের কেন্দ্রীয় তিন নেতা রোববার সোনারগাঁও হোটেলে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোর সঙ্গে দেখা করেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, যুদ্ধাপরাধের চলমান বিচার সংক্রান্ত, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করেন।

একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে রায়ের পর্যবেক্ষণে দলটির অপরাধী ভূমিকার বিষয়টিও উঠে এসেছে।

‘যুদ্ধাপরাধী’ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এই দাবি জানাচ্ছে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চও।

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।

জাতিসংঘের এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও আলোচনা করেছে।