২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টার্মিনাল ফাঁকা, নগর পরিবহন চলছে

জামায়াতে ইসলামের ডাকা হরতালে ঢাকার সরগরম বাস টার্মিনালগুলো যাত্রীশূন্য হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 04:10 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তবে রাজধানীতে নগর পরিবহনের বাস চলছে। আর অন্যসব হরতালের মতোই ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়, ভাংচুরের আশঙ্কায় বাস ছাড়া হচ্ছে না।

গাবতলী বাস টার্মিনালে সাতক্ষীরা এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার মো মোশতাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পরে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাবে।”

তবে এ সময় ঢাকা থেকে সাভার, মানিকগঞ্জ ও আরিচা ঘাটগামী কয়েকটি বাস চলতে দেখা যায়।

এদিকে মহাখালী বাসটার্মিনাল বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মালেক বলেন, “যাত্রী পেলে বাস ছাড়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি বাস গন্তব্যে ছেড়ে গেছে।”

তবে ওই টার্মিনাল থেকে কিশোরগঞ্চগামী অনন্যা ক্লাসিক এর কাউন্টারের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম বলেন, “কাউন্টার বাসগুলো ভাংচুরের আশংকায় ছাড়া হচ্ছে না। লোকাল রুটের বাসগুলো ছাড়ছে।”

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে নগর পরিবহনের কিছু বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে। তবে রাস্তায় অফিসগামী মানুষের তেমন ভিড় নেই।

রাস্তায় বাস কম থাকায় অনেককে রিকশায় করে অফিসে রওনা হতে দেখা যায়। বাধা না পেয়ে প্রধান সড়কেও নেমেছে রিকশা। রাস্তা ফাঁকা পেয়ে ব্যাটারিচালিত রিকশাও ঢাকায় যাত্রী পরিবহন করছে।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। যানবাহন থামিয়ে যাত্রীদের শরীর ও ব্যাগও তল্লাশি করছে তারা।

একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের কয়েক ঘণ্টা পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী।