২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির পথে আসুন: খালেদাকে নাসিম

খালেদা জিয়াকে তার রাজনৈতিক উপদেষ্টাদের ভুল পরামর্শ না শুনে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আওয়ামী সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলনে নাসিম বলেন, “আপনার উপদেষ্টারা আপনাকে ভুল পরামর্শ দিচ্ছেন। এদের কারণে আপনি জনগণের আস্থা হারাচ্ছেন। এদের সরান, এরা আপনার ক্ষতি করছে।”

৫ মে গভীর রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সরকার ‘গণহত্যা’ চালিয়ে লাশ ‘গুম’ করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।

এই ‘গণহত্যা’র সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যাক্তিদের শাস্তির দাবিতে ইতোমধ্যে বুধ এবং বৃহস্পতিবার ২ দিনের হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি।

সরকার বিচার বিভাগীয় কমিশন গঠন না করলে তদন্তের দাবি নিয়ে জাতিসংঘে যাওয়ার হুমকিও দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিএনপিকে চক্রান্তকারীদের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “নাশকতা সৃষ্টির মাধ্যমে ওরা (হেফাজত) যা করতে চেয়েছিল, তা ব্যর্থ হয়েছে। সম্পূর্ণ রক্তপাতহীন অবস্থায় এই সংকট মোকাবেলা করা হয়েছে। আমরা শান্তির পথে আছি, নির্বাচনের পথে আছি। আপনিও সংঘাতের রাজনীতি বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসুন।”

অনুষ্ঠানে উপস্থিত অপর বক্তা আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “একটি চক্র রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে । তারা দেশের সবকিছু ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “শাপলা চত্বর বা মতিঝিল এলাকায় আর কোন সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হবে না।”

বিরোধী দলকে উদ্দেশ্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আল্টিমেটাম দিচ্ছেন, হরতালের নামে সন্ত্রাস করছেন। আপনাদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সরকার ইতমধ্যে হার্ডলাইনে গেছে, যদি ভবিষ্যতে সন্ত্রাসের পথ পরিহার না করেন, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ।