২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদা জিয়ার লিফলেট ছাপতে দেয়নি পুলিশ'

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার আহ্বান নিয়ে লিফলেট প্রকাশে সরকার বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 06:41 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, "গতরাতে (বুধবার) দেশের সার্বিক পরিস্থিতির ওপর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার আহবান সম্বলিত একটি লিফলেট পুলিশ ছাপাতে দেয়নি। ছাপাখানা থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে লিফলেট বাজেয়াপ্ত করা হয়েছে।"

"সরকারের এহেন আচরণ প্রমাণ করে, ভিন্নমতকে তারা কোনোভাবেই সহ্য করছে না, যোগ করেন তিনি।

১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে নয়া পল্টনে দলের 'অবরুদ্ধ' কেন্দ্রীয় কার্যালয়ে ভেতরে এই সংবাদ ব্রিফিং হয়।

ভোর থেকে পুলিশ এই কার্যালয় ঘিরে রেখেছে। কোনো নেতা-কর্মীকে ভেতরে ঢুকতে দেয়া দিচ্ছে না। ফলে কার্যালয়ে দুদু, মহানগর সদস্য আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, বেলাল আহমেদ এবং কয়েকজন অফিস কর্মচারি ছাড়া কেউই নেই। নেতারা গত মঙ্গলবার রাত থেকে নেতারা এই কার্যালয়ে অবস্থান করছেন।

লিফলেটের বিষয়বস্তু কি ছিল জানতে চাইলে শামসুজ্জামান দুদু বলেন, " দেশের পরিস্থিতি, সরকারের আক্রমনাত্মক কার্যক্রম ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিফলেটে দেশনেত্রীর বক্তব্য ছিল।"

বিকালে সংবাদ ব্রিফিংয়ে ওই লিফলেটের বক্তব্য সাংবাদিকদের দেয়া হবে বলে তিনি জানান।

ছাপাখানা থেকে লিফলেট বাজেয়াপ্তের সময় গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বাসায় বুধবার রাতে পুলিশের তল্লাশি অভিযান ও যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আবারো কারা ফটক থেকে গ্রেপ্তারের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

"এদেশে গণতন্ত্রের ছিটেফুটো আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সভা-সমাবেশ করতে দেয়া হয় না। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।"

বিরোধী দলের ওপর সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, "সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন অবস্থাটা এমন যে, বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে কখন আক্রমন হয়, তা বলা মুশকিল।"

শাহবাগের গনজাগরণ মঞ্চের নাম উল্লেখ না করে তিনি বলেন, "একটি সংগঠনের মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে বলা হলেও তারা গতকাল আবার গীতিনৃত্য শুরু করেছে। তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে। অন্যদিকে ভিন্নমত জানানোদের রাস্তায় দাঁড়ানো তো দূরে থাক, তাদের সহ্যই করতে পারছে না সরকার।"

বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরকালের শুরুতে রাজধানীর যাত্রাবাড়ি, ধানমণ্ডি, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে নেতাদের গ্রেপ্তার ও আহত করার হয়েছে বলে জানান তিনি।

গত ৫ মে হেফাজতে ইসলামের ওপর ‘হামলা ও হত্যাযজ্ঞ’ ঘটনার প্রতিবাদে ১৮ দলীয় জোট বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালের দ্বিতীয় দিনেও সারাদেশে সর্বাত্মক হরতাল চলছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

নয়া পল্টনের কার্যালয়ের সামনে চারপাশে পুলিশ, র‌্যাব ছাড়াও জলকামানের গাড়িসহ প্রিজন ভ্যান রয়েছে।