'শাপলা চত্বরে সমাবেশ হবেই'
সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব শনিবার শাপলা চত্বরে সমাবেশ করেই দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের মধ্যেই এই সংবাদ ব্রিফিংয়ে দুদু বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই। কাল শনিবার সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেবেন।"
সংবাদ সম্মেলনে সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানির প্রেক্ষাপটে উদ্ধার অভিযান ও পুনর্বাসন কাজের স্বার্থে বিএনপির সমাবেশ ও হেফজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাভার ট্র্যাজেডির প্রতিবাদ এবং আটক নেতাদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে শনিবার বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মতিঝিলে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আর কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি ও নারী নীতিবাতিলসহ ১৩ দফা দাবিতে শনিবার ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “বন্ধ করতে বলব না, রাজনীতি করতে গেলে কর্মসূচি তারা পালন করবেন। আমি বলব তারা যেন স্থগিত করে দেন। এই কর্মসূচিতে তারা যে টাকা খরচ করবেন তারা যেন তা ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে দান করে দেন।”
বিএনপির জ্যেষ্ঠ নেতারা কারাগারে থাকায় বর্তমানে দলের মুখপাত্রের ভূমিকা রাখা দুদু বলেন, "বরং আমরা মনে করি, সরকারই সমাবেশকে সামনে রেখে সারাদেশে পরিবহন বন্ধ করে দিয়ে উদ্ধার অভিযানে বাধার সৃষ্টি করছে। তাই মাননীয় প্রধামন্ত্রীকে বলব, আপনি এই বিষয়গুলো একটু তদারক করুন।"
দুদু জানান, সাভারের উদ্ধার অভিযানে কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর আহবানে বিরোধী দলীয় নেতা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছেন।
তিনি অভিযোগ করেন, সাভারের ঘটনার পরপরই প্রধানমন্ত্রী বর্তমানের মতো তৎপর হলে সেখানে এতো মানুষের প্রাণহানি ঘটতো না।
উদ্ধার অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, "আমি যতটুকু শুনেছি, সাভারের ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছে, তার গ্রহনযোগ্য নয়। তিনি দলীয় দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন। জাতি হিসেবে তার এই বক্তব্য আমাদের ছোট করেছে।"
"প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমি শুনে কষ্ট পেয়েছি। তিনি বলেছেন, ঘটনার পরপরই যুবলীগ-ছাত্রলীগসহ তার দলের লোকজন উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। অথচ তিনি বলেননি, যুব লীগের স্থানীয় যুগ্ম আহবায়ক সোহেল রানা, আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কারণে রানা প্লাজায় এতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এই সত্যটি প্রধানমন্ত্রী বললে ভালো হতো।"
ঘটনার পাঁচদিন পর প্রধানমন্ত্রী ঘটনাস্থলে পরির্দশনে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দুদু। দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রীর সেখানে না যাওয়া এবং সবার পরে শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘটনাস্থলে যাওয়ায় কথাও উল্লেখ করেন তিনি।
