সেনাবাহিনী ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে: বিএনপি
সাভারে ভবন ধসে প্রাণহানির ঘটনায় সেনাবাহিনী খালেদা জিয়ার বক্তব্যের ‘ভিন্ন ব্যাখ্যা’ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
লাশ গুম ও নিহতের সংখ্যা নিয়ে অভিযোগের মুখে সেনাবাহিনীর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে এ প্রতিক্রিয়া এলো।
বৃহস্পতিবার দুপুরে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, “বিদেশি গণমাধ্যম টেলিগ্রাফ ও গার্ডিয়ান পত্রিকায় সাভারে ভবন ধসে কেউ ১১শ’ ও কেউ ১২শ’ মানুষ নিখোঁজ হয়ে আছে বলে দাবি করেছে। আমাদের নেত্রীও গতকাল নারায়ণগঞ্জের শ্রমিক সমাবেশে ওইসব নিখোঁজ মানুষজনের সন্ধান অর্থাৎ কত মানুষের প্রাণহানি ঘটেছে তার প্রকৃত হিসাব জানতে চেয়েছেন। অথচ বিরোধী দলীয় নেতার এই বক্তব্যকে আজ এক সামরিক কর্মকর্তা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।”
সকালে সাভারে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হাসান সারওয়ার্দী বলেন, “কোনো কোনো মহল তথাকথিত লাশ গুমের অভিযোগ এনেছে। মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে ব্যাথিত মানুষকে উত্তেজিত করে চলেছে।
“উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী, অন্যান্য সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের দেশপ্রেম ও সততা নিয়ে প্রশ্ন তোলা ও লাশ গুমের অভিযোগ অত্যন্ত দুঃখজনক,” বলেন ওই কর্মকর্তা।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর আট দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জনে। জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪৩৭ জন।
শামসুজ্জামান দুদু বলেন, “সরকারকে বলব, ওইসব স্বজনদের পাশে দাঁড়িয়ে বলুন- আমরা আপনাদের পাশে আছি, থাকব। ওই লাশ নিয়ে লুকোচুরির কিছু নেই।”
সমাবেশের অনুমতি পায়নি
এদিকে আবেদনের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি এখনো দেয়া হয়নি বলে জানান দুদু।
তিনি বলেন, “৪ মে সমাবেশের জন্য আমরা শাপলা চত্বরের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। আর ৪৮ ঘণ্টা বাকি কিন্তু এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি। লিখিত কিংবা মৌখিক কোনোটিই পাইনি।”
তবে অনুমতি না দিলেও সমাবেশ হবে বলে জানান চেয়ারপারসনের এই উপদেষ্টা।
সাভারের পৌর মেয়রকে অব্যাহতি
দলীয় মেয়র রেফাতউল্লাহ‘র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে জানতে চাইলে দুদু বলেন, “পৌর মেয়র রেফাতউল্লাহ ঘটনার আগের দিন রানা প্লাজায় ফাটল ধরায় তা বন্ধ করে দেয়ার জন্য মালিকের কাছে লিখিত চিঠি দিয়েছিলেন।
“কিন্তু ওই চিঠি উপেক্ষা করে স্থানীয় সাংসদ মুরাদ জং, স্থানীয় ইউএনও ও থানার ওসির সঙ্গে যোগসাজসে ভবনের মালিক সোহেল রানা তা বন্ধ করেনি।”
“এখন পৌর মেয়রকে আক্রমণ করে যেভাবে কথা বলা হচ্ছে- তা একদলীয় দৃষ্টিভঙ্গির পরিচয় বলে আমরা মনে করি।”
রেফাতউল্লাহ বিএনপি সমর্থিত মেয়র ছিলেন।
ইতোমধ্যে ভবন ধসের এ ঘটনায় মালিক রানা, তার বাবা ও তিনসহযোগী ছাড়াও ওই ভবনে থাকা কারখানার চার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউএনওকে করা হয়েছে প্রত্যাহার।
রানা প্লাজার ঘটনায় স্থানীয় সাংসদ, ইউএনও ও ওসিকে আইনের আওতায় আনারও দাবি জানান দুদু।
