রিজভীদের অভিযোগ গঠনের শুনানি ২১ মে
বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ ১৮ দলীয় জোটের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা পল্টন থানায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ মে দিন রেখেছে আদালত।
মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও আসামিদের আদালতে হাজির না করায় নতুন তারিখ দেন ঢাকার দ্রুত বিচার আদালত-৬ এর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
গত ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা এ জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান, আবেদ রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান ও কক্সজারের আবু তাহেরসহ একশ’ ৪৮ জন।
অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ৪২ জনকে সাক্ষী করা হয়।
