ক্রিকেট দলকে খালেদা জিয়ার অভিনন্দন
দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে পরাজিত করায় বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের খালেদা জিয়ার অভিনন্দনের কথা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, “সারা দেশের জনগণ ক্রিকেট দলের এই অভূতপূর্ব সাফল্যে আনন্দিত ও উদ্বেলিত। দেশবাসীর সঙ্গে আমি নিজেও যারপর নাই আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছি।”
বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ১৪৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। ৭৯ টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ জয়। আর জিম্বাবুয়ের বিপক্ষে ১১ টেস্টে দ্বিতীয় জয়।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। সতের ম্যাচ পর আবার জয়ের দেখা পেল টেস্ট পরিবারের সর্বশেষ সদস্য দেশটি।
