২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নোমানকে মুক্তি না দিলে চট্টগ্রামে হরতাল’

বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল্লাহ আল নোমানকে আগামী ৫ মে’র মুক্তি না দিলে ৬ মে চট্টগ্রামে হরতালের ঘোষণা দিয়েছে তার মুক্তির দাবিতে গঠিত একটি সংগঠন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘আব্দুল্লাহ-আল-নোমান মুক্তি সংগ্রাম পরিষদ’র আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

আগামী বৃহস্পতিবার নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।

নাজিম বলেন, “বর্তমান সরকার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে কোনো কারণ ছাড়াই রিমান্ডে নিচ্ছে। এমনকি এসব নেতাদের ডাণ্ডাবেড়িও পরানো হচ্ছে।

“আদালত নির্দেশ দেয়ার পরও আবদুল্লাহ আল নোমানকে হাসপাতালে ভর্তি করতে সরকার গড়িমসি করেছে।”

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নোমানের মুক্তির দাবিতে কর্মসূচিতে বিএনপির সমর্থন রয়েছে কি না- জানতে চাইলে নাজিম বলেন, “আমাদের কর্মসূচির সঙ্গে নগর বিএনপির কোনো দ্বিমত নেই।”

নোমানের মুক্তি দাবিতে কর্মসূচি নিয়ে আগামী ২ মে পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 

এতে ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস কে খোদা তোতন, বিএনপি নেতা এম এ সবুর, আবদুল মান্নান, কাজী আকবর।