২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপের প্রস্তাব দিতে হবে বিএনপিকেই’

সংলাপ চাইলে সেই প্রস্তাব বিএনপির কাছেই আশা করছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

তবে নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার পুনর্বহালে বিএনপির দাবিকে ক্ষমতাসীন দল ‘যৌক্তিক’ মনে করছে না বলেও জানান তিনি।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আন্দোলনে রয়েছে বিএনপি।

দুই পক্ষের বিপরীত অবস্থানের কারণে সৃষ্ট সঙ্কটের অবসানে সংলাপের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

সংলাপের কথা দুই দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। তবে উদ্যোগ নেয়ার জন্য পরস্পরকে বলছে তারা।

এর মধ্যেই মঙ্গলবার ধানমণ্ডিতে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ এই প্রস্তাব দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে বিএনপিকে লিখিত কোনো প্রস্তাব দেয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “লিখিত প্রস্তাব দেয়ার প্রশ্নই আসে না। দাবি বিরোধী দলের, সুতরাং প্রস্তাব তাদেরকেই নিয়ে আসতে হবে।”

“সংলাপ চাইলে বিএনপিকে অবশ্যই যৌক্তিক দাবি নিয়ে আসতে হবে,” বলেন তিনি।

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সঙ্কট উত্তরণের পক্ষে মত জানিয়ে হানিফ বলেন, “তত্ত্বাবধায়কের মতো অগণতান্ত্রিক প্রক্রিয়া চিরকাল চলতে পারে না। ৫ বছর যদি একটি নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের দায়িত্ব নিতে পারে, তবে তারা ৩ মাস কেন জনগণের দায়িত্ব নিতে পারবে না?”

আটক নেতাদের মুক্তি দাবিতে বিএনপির ডাকা হরতাল নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ নেতা।

“বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার আমরা সমর্থন করি না। তাদের গ্রেপ্তার যেমন দুর্ভাগ্যজনক, তেমনি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আরো দুর্ভাগ্যজনক।”

“সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। আমরা চাই, তারা আইনি প্রক্রিয়া মোকাবেলা করে জেলখানা থেকে বের হয়ে আসবেন।”

বিএনপির শীর্ষ নেতারা বেরিয়ে এলে চলমান সঙ্কট নিরসনে সংলাপ হতে পারে বলে আশা প্রকাশ করেন হানিফ।

হরতালের সমালোচনা করে তিনি বলেন, “আসলে তাদের হরতালের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। কিন্তু তাদের এই দাবি তো সরকার মেনে নিতে পারে না।”

ফটিকছড়ির মতো ঘটনা আবারো ঘটানো হবে বলে বিএনপি নেতাদের হুমকির প্রতিক্রিয়ায় হানিফ বলেন, “দেশের অনেক মানুষ মনে করে তাদের (বিএনপি) সঙ্গে অনেক দল ও এজেন্সির যোগসূত্র আছে। এসব কথা বলে তাদের নিজেদের লিগ্যালাইজড (বৈধ) করার চেষ্টা করছে।”

সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশানা সম্পাদক আসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও এনামুল হক শামীম প্রমুখ।