২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্দেশ্য আমাকে ‘মাইনাস’ করা: শেখ হাসিনা

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রস্তাবের অন্য উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংসদ বিষয়ক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:59 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

“আওয়ামী লীগ আর আমাকে মাইনাস করার জন্য এখন এই ফর্মুলাগুলো দেয়া হচ্ছে,” বলেছেন তিনি।

রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা একথা বলেন বলে সভায় অংশ নেয়া এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিপরীত অবস্থানে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে টিআইবি নতুন প্রস্তাব দিয়েছে। এছাড়া ব্যক্তিগত পর্যায় থেকেও নানা ধরনের প্রস্তাব আসছে।

সংশোধিত সংবিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের পক্ষপাতি আওয়ামী লীগ সভাপতি এর প্রতিক্রিয়ায় কয়েকদিন আগেও বলেছিলেন, “নতুন নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ অনির্বাচিত কাউকে নির্বাচনের সময়ে ক্ষমতায় রাখার বিরোধী দলেও বিএনপির দাবি, এতে নির্বাচন নিরপেক্ষ হবে না। তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকার চায়।

রোববার সংসদ ভবনে বৈঠকের পর নাম প্রকাশ না করার শর্তে উত্তরাঞ্চলের এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উপদেষ্টা ছিলেন, তাদের এখনকার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী।

“তিনি বলেছেন, এখন যারা বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন, তারাই তো একটি নির্বাচন করতে পারেন নাই। তারা নিজেরা ব্যর্থ হয়ে এখন ফর্মুলা দিচ্ছেন কীভাবে?”

“শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতেই এই সব প্রস্তাব দেয়া হচ্ছে,” বলেন ওই সংসদ সদস্য।

রাষ্ট্রপতি হিসাবে দলীয় প্রার্থী মনোনয়নের জন্যই আওয়ামী লীগের সংসদীয় দলের ওই বৈঠকটি হয়, যাতে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে স্পিকার আবদুল হামিদকে মনোনয়ন দেয়া হয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর বাদ পড়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

এর ফলে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান দলের বিরোধী অবস্থানে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছেন অনেকে।

আর এর মধ্যেই গত ১২ এপ্রিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরবর্তী নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা উপস্থাপন করে।

টিআইবির প্রস্তাবে বলা হয়, দুই প্রধান রাজনৈতিক জোটের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ‘সংসদীয় ঐকমত্য কমিটি’ হবে। এই কমিটি নির্বাচনকালীন সরকারের প্রধানসহ ১১ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা মনোনীত করবে।

এরপর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সংঘাত এড়াতে বিরোধী দলের শীর্ষনেতাদের মুক্তি দিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিও সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, তবে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর সুযোগ নেই।

বিরোধী দলের দাবির প্রতিক্রিয়ায় বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা স্মরণ করার পরামর্শ দিয়ে আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাজনৈতিক সংঘাতের মধ্যে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনে দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ক্ষমতাহীন করার চেষ্টা চলে।

তাদের দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি দলের মধ্যে তাদের বিরোধিতাও ওঠে ওই সময়, যা ‘মাইনাস টু’ ফর্মুলা নামে ব্যাপক পরিচিতি পায়।

টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন নেতার অংশগ্রহণ নিয়েও সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা কথা বলেন বলে দলের সংসদ সদস্যরা জানিয়েছেন।  

তিনি বলেছেন, অনেকে প্রকৃত ইতিহাস না জেনেই এই অনুষ্ঠানগুলোতে যায়।

পুরনো খবর:

নতুন নতুন ‘ফর্মুলা’ জটিলতা সৃষ্টি করবে: হাসিনা