নতুন নতুন ‘ফর্মুলা’ জটিলতা সৃষ্টি করবে: হাসিনা
নির্বাচনের আগে নতুন ‘ফর্মুলা’ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “নতুন নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না।”
দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে টিআইবির নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপস্থাপনের পরদিন প্রধানমন্ত্রী একথা বলেন, তবে তিনি টিআইবির প্রসঙ্গ উল্লেখ করেননি।
টিআইবির প্রস্তাবে বলা হয়েছে, দুই প্রধান রাজনৈতিক জোটের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ‘সংসদীয় ঐকমত্য কমিটি’ হবে। এই কমিটি নির্বাচনকালীন সরকারের প্রধানসহ ১১ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা মনোনীত করবে।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন টিআইবিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়নে আলোচনার পরিবেশ প্রয়োজন এবং তা সরকারকে তৈরি করতে হবে।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে যারা ‘ফর্মুলা’ দিচ্ছেন, তাদের বিশ্বের অন্য দেশগুলোর সংসদীয় গণতন্ত্রের রীতি পর্যবেক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তার লক্ষ্য হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখা। কেউ যেন জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে না পারে।
গণভবনে পাবনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপারসন ‘লাশ ফেলে’ ক্ষমতায় যেতে চান দাবি করে তিনি বলেন, “উনি মনে করেন, কয়েকটা লাশ ফেললে আর্মি এসে উনাকে ক্ষমতায় বসিয়ে দেবে।”
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের আগে নিরাপত্তা ছাড়াই বিরোধীদলীয় নেতার তার সেনানিবাসের বাসা থেকে বেরিয়ে এসেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উনি যেটা ঘটাতে চাচ্ছিলেন, আমরা তা আটকেছি। তবে, আমরা অনেক ব্রিলিয়ান্ট অফিসারদের হারিয়েছি।”
২০০১ সালে দেশের প্রাকৃতিক সম্পদ ‘বিক্রির মুচলেকা’ দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল দাবি করে তিনি বলেন, “যমুনায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের বাসায় মিটিং হয়।
“আমার সঙ্গে ছিলেন জিল্লুর রহমান। আর খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়া (প্রয়াত) ছিলেন। আমেরিকার পক্ষে ছিলেন জিমি কার্টার।”
“আমি চলে এলাম। উনি (খালেদা জিয়া) থেকে গেলেন। মুচলেকা দিয়ে আসলেন।”
‘ধৈর্য, দুর্বলতা নয়’
বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।”
“হরতাল দিয়ে মানুষ মারার অধিকার কে দিয়েছে?” জনসাধারণের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “এখন যদি বিরোধীদলীয় নেতৃবৃন্দের মূল্যবান যানবাহনে এবং তাদের বাসস্থানে অগ্নিসংযোগ করা হয়, তাহলে কোথায় যাবেন?”
বিরোধী দলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “মানুষের তো সহ্যের সীমা আছে? যুদ্ধাপরাধীদের রক্ষায় আপনারা মানুষ হত্যা করবেন- আর আমরা বসে থাকব?”
ফটিকছড়িতে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা ঘোষণা দিয়ে হরতালবিরোধী মিছিলে হামলার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “মাইক ব্যবহার করে মিথ্যা ঘোষণা দেয়া- এটা কোন ইসলাম হেফাজত করে?”
বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মানুষ হত্যার পরিকল্পনা নিয়েছেন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “উনি ইয়াহিয়ার মতো পোড়া মাটি নীতি গ্রহণ করেছেন। ইয়াহিয়া বলেছিল, তার বাংলার মানুষ নয়, মাটি দরকার।”
