২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলসহ ১০ জনের জামিন শুনানি শেষ

পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের সাত মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদন শুনেছে মহানগর দায়রা জজ আদালত। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:11 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার সকালে মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে  দশ নেতার ১৯টি আবেদনের ওপর শুনানি হয়।

শুনানি শেষে আদালত জানায়, পরে এ বিষয়ে আদেশ দেয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি নয় আবেদনকারী হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী ও বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

তাদের পক্ষে শুনানি করেন রফিকুল ইসলাম মিয়া ও বোরহান উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু।

গত ২ ও ৬ মার্চ পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে পল্টন থানায় চারটি, রমনায় দুটি ও শাজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ। 

বিএনপির এই শীর্ষ নেতারা গত ৭ এপ্রিল হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের আবেদন নাকচ করেন কারাগারে পাঠান। এরপর গত ৯ এপ্রিল তারা দায়রা আদালতে এই জামিনের আবেদন করেন।