মেহেরপুরে বোমা হামলায় বিএনপি নেতা খুন
মেহেরপুরে বোমা হামলায় বিএনপির সাবেক এক নেতা নিহত হয়েছেন।
নিহত শমসের আলী মালিথার (৬১) সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। উপজেলার কাঁঠালপোতা সোনাপুর গ্রামের বাসিন্দা তিনি। দলীয় পদ ছাড়ার পরেও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ গ্রামে তার ওপর বোমা হামলা হয় বলে সদর থানার ওসি আজিজুল হক জানান।
এ ঘটনার প্রতিবাদে বিএনপির সাবেক সাংসদ মাসুদ অরুনের নেতৃত্বে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
ওসি আজিজুল হক জানান, বোমা হামলায় গুরুতর আহত শমসের আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের লাশ মেহেরপুর সদর হাসপাতার মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ছেলে নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা রাত ৮টার দিকে এশার নামাজ পড়তে বাড়ির কাছাকাছি একটি মসজিদে যান। ঘণ্টাখানেক পর দুটি বোমার শব্দ শুনে এগিয়ে গেলে বাবার মৃত্যুর খবর পান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে বাড়ি ফেরার পথে শমসের আলীর ওপর বোমা হামলা হয়। বোমায় আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্ত্তরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম অভিযোগ করেন।
