২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় রিজভীদের জামিন, অন্যটিতে বিভক্ত আদেশ

পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, জয়নাল আবদীন ফারুকসহ বিএনপির পাঁচ নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

তবে বিস্ফোরক আইনের মামলায় আদালত বিভক্ত আদেশ দিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান দুই মামলাতেই জামিন পেয়েছেন।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় পল্টন থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।  

দ্রুত বিচারের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ও আমান এবং বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক ছাড়াও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন জামিন পেয়েছেন।

অন্যদিকে বিস্ফোরক আইনের মামলায় রিজভী, আমান ও ফারুককে জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি কেবল রুল দেন।

আইনজীবীদের আবেদেন এ মামলায় জামিন প্রার্থী অপর দুই আসামি জাহিদ ও শাহজাহানের বিষয়টি মুলতবি রাখা হয়েছে।

বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।

বদরুদ্দোজা বাদল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক আইনে করা মামলায় রিজভী, আমান ও ফারুকের বিষয়ে বিভক্ত আদেশ হওয়ায় নিয়ম অনুযায়ী বিষয়টি এখন তৃতীয় বিচারপতির আদালতে যাবে। সেখানেই জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

পরদিন মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।

ফারুক, রিজভী, আমান, শাহজাহান, জাহিদ  ও বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে দুই মামলাতেই হুকুমের আসামি করা হয়।

দ্রুত বিচার আইনের মামলায় এই ৬ নেতাসহ বিরোধী দলের ১৪৮ জনের বিরুদ্ধে গত ২৪ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ।

পুরনো খবর:

রিজভীদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল