২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধে প্রয়োজনে নতুন আইন হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, আদালতের রায়ে না হলে আইন করে তার মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি নিষিদ্ধে গণজাগরণ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার মধ্যে মঙ্গলবার কুষ্টিয়ায় দলীয় নেতাদের সঙ্গে এক সভায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, আইনি প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের কাজ চলছে।

“এ ব্যাপারে আদালতে রিট করা হয়েছে।এর মাধ্যমেই যদি দলটির নিবন্ধন বাতিল হয়ে যায়, তা হলে ভালো। নইলে বর্তমান সরকার আমলেই প্রয়োজনে আইন করে দলটিকে নিষিদ্ধ করা হবে।”

নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল সম্পর্কিত একটি রিট আবেদন বর্তমানে হাই কোর্টে বিচারাধীন।

আগামী নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, “প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা নির্বাচন করতে পারি। সেই সরকারের রূপরেখা বা কাঠামো নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে।”

কুষ্টিয়ার বাসিন্দা হানিফ সার্কিট হাউসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, আলামপুর ও আব্দালপুরে দুটি সেতু উদ্বোধন এবং কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।