২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরপিও প্রস্তাব চূড়ান্ত করেছে ইসি

প্রধান বিরোধী দল দাবি করলেও নির্বাচনী কাজে সেনাবাহিনীকে না রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী সোমবার সাংবাদিকদের বলেন, চূড়ান্ত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় ‘সশস্ত্র বাহিনীকে’ অন্তর্ভুক্ত করা হয়নি।

শিগগিরই এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনে বেশ কিছু বিষয়ে সংশোধনী আনার উদ্যোগ নেয় কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন এ কমিশন।

ভোটার তালিকা ও সীমানা পুননির্ধারণ বিষয়ে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করলেও আইনি সংস্কার নিয়ে কারো সঙ্গে বসেনি তারা।

তবে প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিকরা সংলাপে না এলেও নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানায়, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন নিশ্চিতের পাশাপাশি তাদের বিচারিক ক্ষমতা দিয়ে আরপিও সংশোধন করতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, “সংজ্ঞায় সশস্ত্রবাহিনী রাখার বিষয়টি বিগত কমিশনও রাখেনি। আমরাও সে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় উল্লেখ করিনি।”

তবে সংবিধানের ১২০ ও ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী কাজে যাদের সহায়তা চাওয়া হবে তারাই সহায়তা করতে বাধ্য থাকবে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনকালে কিছু মন্ত্রণালয়ের ‘কর্তৃত্ব’র বিষয়ে জাবেদ আলী বলেন, নির্বাচনী সহায়তার জন্য যে তালিকা তৈরি করা হবে সেই তালিকায় থাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী কমিশনের অধীনে কাজ করবে। যদি কোনো প্রতিষ্ঠান বা দায়িত্বশীল ব্যক্তি কমিশনকে সহায়তা না করে তাহলে যথাযথ শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত খসড়ায়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সদস্য পদ বাতিলের সুযোগ থাকা, নির্বাচনকালীন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাজের বিষয়ে কমিশনকে অবহিত করা, প্রার্থীদের নির্বাচনী ব্যয় ১৫ লাখ থেকে ২৫ লাখ টাকায় উন্নীতকরণ, নির্বাচনে রাজনৈতিক দলের ব্যয় বৃদ্ধি করা, নির্বাচনী আচরণবিধির শাস্তি আরও কঠোর করা, নির্বাচনী কর্মকর্তাদের অপরাধের জন্য তাৎক্ষণিক শাস্তির বিধান করার প্রস্তাব রয়েছে খসড়ায়।