নির্দলীয় সরকার ছাড়া সমাধান নেই: বিএনপি
নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়া ছাড়া বর্তমান “রাজনৈতিক সংকটের” অবসান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির দুই নেতা।
খন্দকার মোশাররফ হোসেন
“তাদের প্রস্তাবে এটি স্পষ্ট যে, কেনো দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু- নিরপেক্ষ হবে না। আমরাও এ কথাটি গত তিন বছর ধরে বলে আসছি। নির্দলীয় সরকারের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।”
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া বিগ্রেডের এক মানবন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “টিআইবি ও সিপিডির মতো সংস্থাগুলোও আজ বলতে শুরু করেছে, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা নেই।
“আমরা সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা তত্ত্বাবধায়ক বলেন, ওই সরকার হতে হবে নির্দলীয় সরকার। এখনো সময় আছে, আর দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবেন না।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বচনের জন্য সংবিধান সংশোধনের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, “ভালোয় ভালোয় এই দাবি মেনে নিয়ে গণতন্ত্রের পথ অব্যাহত রাখুন। অন্যথায় বিরাজমান রাজনৈতিক সংকটের অবসান হবে না।”
নির্দলীয় সরকারের দাবি না মানলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে মন্তব্য করে তিনি বলেন, এর সব দায়ভার সরকারকেই বহন করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাকসুর সাবেক সহসভাপতি আমান উল্লাহ আমানসহ আটক নেতাদের মুক্তির দাবিতে নব্বইয়ের স্বৈরাচারীবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য নামের একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা হয়।
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার নানা রকম ‘ফন্দি-ফিকির’ করছে।
বিরোধী দলের শীর্ষ নেতাদের ‘মিথ্যা- বানোয়াট’ মামলায় আটক করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়া সরকার উদ্দেশ্যমূলকভাবে স্বাধীনতা ও ইসলামের পক্ষ-বিপক্ষ শক্তিতে জাতিকে বিভক্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
সংবিধানে অবিলম্বে নির্দলীয় সরকার ব্যবস্থা সংযোজনের দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, “গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে এর পরিণতি শুভ হবে না।”
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে ওই পত্রিকা প্রকাশনায় বাধা সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “সরকার কেবল নেতাদের আটক করে বিরোধী দলকে রাজনৈতিকভাবে শূন্য করতে চায় না, তারা বিরোধী ও ভিন্নমতের কন্ঠ রোধ করার অপতৎরতায় লিপ্ত।”
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র ঐক্যের নেতা ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক ছাত্র নেতাদের মধ্যে আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, আসাদুর রহমান খান, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, সাংসদ রাশেদা বেগম হীরা, শিরিন জাহান বিলকিস, নেওয়াজ হালিমা আরলি,এ বি এম মোশাররফ হোসেন, রফিক শিকদার আলোচনা সভায় বক্তব্য দেন।
সকালে জিয়া বিগ্রেডের উদ্যোগে আটক নেতাদের মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ছাড়াও আয়োজক সংগঠনের সভাপতি আবুল হোসেন, স্বাধীনতার ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য দেন।
এছাড়া একই স্থানে এগ্ররিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে আরেকটি মানববন্ধনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারে বাকশালের প্রেত্মাতা ভর করেছে। এদের পতনে আন্দোনের কোনো বিকল্প নেই।
অন্যদের মধ্যে অধ্যাপক এম এ করিম, ইব্রাহিম খলিল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, হাসান জাফির তুহিন ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।
