২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের হাসপাতালে পাঠানোর দাবি

কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের দ্রুত হাসপাতালের স্থানান্তরের দাবি জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বিএনপি নেতারা অসুস্থ দাবি করে সোমবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

বিএনপির কারাবন্দি নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর মধ্যে আমান, রিজভী, শাহজাহান ও ফারুক গত ১১ মার্চ থেকে কারাগারে রয়েছেন। বাকিদের কারাগারে পাঠানো হয় একদিন আগে।   

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সিনিয়র নেতারা গুরুতর অসুস্থ।”

আটক নেতাদের হাসপাতালে পাঠাতে আদালতের নির্দেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, এখনো সে নির্দেশ পালন করা হয়নি।

হাসপাতালে নিয়ে বিএনপি নেতাদের সুচিকিৎসার দাবি জানান সালাহউদ্দিন।

আটক নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল সফল করতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

হরতালের আগে বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকরা বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। 

সালাহউদ্দিন বলেন, চট্টগ্রাম, কক্সবাজারের চকরিয়া, ময়মনসিংহ, বরিশাল, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় সোমবার বিএনপির মিছিলে ক্ষমতাসীনরা হামলা চালিয়েছে। চট্টগ্রামে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

সালাহউদ্দিন বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে সরকার সারাদেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছে। তাদের লাগামহীন হিংস্রতা ও সহিংসতা বেড়ে গেছে। দেশকে ‘বিরোধী দলশূন্য’ করার আকাশ-কুসুম স্বপ্ন দেখছে সরকার।

“গুম, মামলা, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। যত বেশি গ্রেপ্তার ও হামলা হবে, আন্দোলনের মাত্রা তত বেশি তীব্র হবে,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

বিএনপি নেতা ও আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মির্জা ফখরুলসহ সাতজন নেতাকে বারডেম হাসপাতালে পাঠাতে বলেছে আদালত। আমান ও আলালকে বিএসএমএমইউতে পাঠাতেও নির্দেশ দিয়েছে।

“মির্জা ফখরুলের হার্টে চারটি ব্লক রয়েছে। তিনি গুরুতর অসুস্থ। কিন্তু এই দুটি আদেশ কারা কর্তৃপক্ষ এখনো কার্যকর করেনি।”

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীমও ছিলেন।