হেফাজতের হরতাল প্রতিহতের আহ্বান নাসিমের
হেফাজতে ইসলামের হরতাল প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, “মনে রাখবেন, শেখ হাসিনা না থাকলে কেউ বাঁচতে পারবেন না।”
রোববার ‘বিএনপি-জামাতের নৈরাজ্যের’ প্রতিবাদে ধানমণ্ডি থানা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় একথা বলেন নাসিম ।
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্ব প্রান্তের কারপার্কে অনুষ্ঠিত এই সভায় রাস্তায় নেমে জামাত-বিএনপি জোটকে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
১৮ দলীয় জোটের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের এই নীতিনির্ধারক বলেন, “অন্তর্বতীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। যে ফলাফলই হোক না কেন- আমরা তা মেনে নেব।”
তিনি আরো বলেন, “মাতৃগর্ভ যতই সুখের হোক, একবার বের হলে সেখানে আর ফিরে যাওয়া যায় না। তেমনি যত কথাই বলেন, আমরা পাকিস্তানে ফিরে যেতে পারব না।”
হেফাজতে ইসলামকে ‘ভাষা’ সংযত করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “ধর্মকে সুসংহত এবং আরো আধুনিক করতে প্রধানমন্ত্রী আপনাদের বক্তব্য শুনবেন।”
নাদিয়া শারমিনের ওপর হেফাজতে ইসলামের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশের ৪২ বছরে ৩০ বছর প্রতিক্রিয়াশীল চক্র দেশ পরিচালনা করেছে। তারা ইসলামের জন্য কী করেছে?
সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল করিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অসীত বরণ রায়, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, ন্যাপের ইসমাইল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরীন আখতার, রওশন জাহান সাথী এবং নাজমা আক্তার ও অপু উকিল।
