২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারই হরতাল ডেকেছে: খালেদা

হেফাজতে ইসলামের কর্মসূচি বানচালে সরকার হরতালসহ নানা ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি বলেন, “হেফাজতে ইসলাম বলেছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবে। তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে সরকার হরতালসহ নানরকম কর্মসূচি দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।”

এর কারণে কোনো ধরনের অশান্তি সৃষ্টি হলে দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপারসন। 

‘নাস্তিক’ ব্লগারকে শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম শনিবার চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি দিয়েছে। তাদের এই কর্মসূচির বিরুদ্ধে সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে।

গত ২ মার্চ সহিংসতায় সাতক্ষীরা, কলারোয়া ও মনিরামপুরে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার সাতক্ষীরা যান বিরোধী দলীয় নেতা। সাতক্ষীরা উচ্চ বালক বিদ্যালয় ও কলারোয়া সদর উচ্চ বিদ্যালয় মাঠে তিনি তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় নিহতদের পরিবারের সদস্যদের নগদ অর্থ অনুদান দেন তিনি।

নবম সংসদ নির্বাাচনের পর এই প্রথম সাতক্ষীরা গেলেন খালেদা জিয়া। তার আসা উপলক্ষে  নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক-উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

৩৫ মিনিটের বক্তব্যে সরকারের ব্যর্থতা, দুর্নীতি, নতজানু পররাষ্ট্র নীতি, রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সংকট, আগামী নির্বাচন ও হেফাজত ইসলামের লংমার্চ নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা।

হেফাজতে ইসলামের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “তাদের কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। মহানবী (সা.) কে নিয়ে কিছু বললে মুসলমান হিসেবে আমাদের অনুভূতিতে লাগে। হেফাজতে ইসলাম এর আগে বলেছে, ব্লগাররা মহানবীর বিরুদ্ধে যেসব কথা বলেছে, তা বন্ধ করতে হবে। কিন্তু সরকার তা বন্ধ করেনি।”

“উল্টো সরকারের পক্ষের আলেম-উলামাদের দিয়ে দুটি সমাবেশ করানো হয়েছে। তাতে কোনো বাধা দেয়া হয়নি। হেফাজতে ইসলাম যখন কর্মসূচি দিয়েছে, তখন তা বাধা দেয়া হচ্ছে।”

শাহবাগের গণ জাগরণের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, “হেফাজতে ইসলাম মহানবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের শাস্তি দাবি করেছেন। অথচ সরকার সেখানে তাদের শাস্তি না দিয়ে জামাই আদরে আরও বেশি লালন পালন করছে। খানা-পিনা দিয়ে নাচা-নাচি করিয়ে তাদের টেলিভিশনে দেখানো হচ্ছে।”