২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত খালেদা

হরতালের কারণ দেখিয়ে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

Image
গত ১৫ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে উপস্থিত হন খালেদা জিয়ার

গত ১৫ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে উপস্থিত হন খালেদা জিয়ার

মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবারও সময় চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন ১৮ এপ্রিল অভিযোগ গঠন শুনানির দিন রাখেন।

শুনানিতে মাহবুব উদ্দিন খোকন বলেন, “ইসলামী ছাত্র শিবির হরতাল ডেকেছে। নিরাপত্তার অভাব ও রাস্তায় বাজে পরিস্থিতির কারণে আসামিরা হাজির হতে পারেনি। তাই সময় চাই।

গত রোববার জামায়াতে ইসলামীর সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডাকে।

সরকারের ‘নির্যাতন’ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও একই কর্মসূচি দেয়।

সময় চেয়ে খোকন বলেন, “রাস্তাঘাটে ভায়োলেন্স হচ্ছে। এছাড়া অভিযোগ গঠনের শুনানির বিরুদ্ধে আমরা উচ্চ আদালতেও গিয়েছি। সে কাগজপত্রও দাখিল করব।

বিচারক বলেন, “তাহলে আপনারা মুচলেকা দিয়ে যান যে আমি পরবর্তী যে তারিখ দেব তাতে আপনারা শুনানি করবেন।”

বিচারকের এ বক্তব্যের পর হইচই শুরু করেন আসামি পক্ষের কনিষ্ঠ আইনজীবীরা। বিচারক বিষয়টি জ্যেষ্ঠ আইনজীবীদের নজরে আনলে পরে তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করেন।

আসামিপক্ষের সময়ের আবেদনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, দীর্ঘ দিন ধরেই শুনানি ঝুলে আছে। আসামিদের অনুপস্থিতিতেই শুনানি করা যায়।

এর চেয়ে বড় মামলার অভিযোগ গঠন ১৫/২০ বছর ঝুলে আছে বলে এর বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য এর আগে বেশ কয়েকবার তারিখ রাখা হলেও খালেদা জিয়া হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে যায়। গত ১১ অক্টোবর খালেদা সর্বশেষ আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন।

জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা দায়ের করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে রয়েছেন। মঙ্গলবার তারা আদালতে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান শুরু থেকেই পলাতক।

এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালে উচ্চ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পর আর ফেরেননি।