খালেদার অফিসে গুলির ঘটনায় থানায় অভিযোগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়কে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দলটির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে গুলশান থানায় ওই লিখিত অভিযোগ দেয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগে কারো নাম উল্লেখ করা হয়নি। পুলিশ এটাকে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধীদলীয় নেতার একজন নিরাপত্তাকর্মী বাদি হয়ে এই জিডি করেছেন। জিডিতে গুলির ঘটনাটি সরকারের ‘মদদে’ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, এই অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের পক্ষ থেকেও একটি জিডি করা হয়েছে বলে জানান ওসি।
ওই ঘটনার প্রতিবাদে ৪ এপ্রিল সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন ফখরুল।
ওই সময় বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে ছিলেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সেখানে খালেদা জিয়া রোববার রাতে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন। সাড়ে ১০টার দিকে ওই বৈঠক শেষ হওয়ার পর কার্যালয়েই ছিলেন তিনি।
রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায় বলে জানান বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি। গুলির খবর শুনে কয়েকশ নেতা-কর্মী রাতে কার্যালয়ে যান।
রাত ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়া কার্যালয় ছেড়ে গুলশানে তার বাড়িতে যান। ওই সময় নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।
গুলশানে ৬ নম্বর রোডের ৮৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার কার্যালয়।
মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতি সাহাবুদ্দিন পার্কের কাছ দিয়ে চেয়ারপারসনের কার্যালয় সড়কের উত্তর দিক থেকে তিনটি মোটর সাইকেলে করে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আকস্মিকভাবে ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়।
“চলন্ত মোটর সাইকেল থেকে এই গুলিবর্ষণ হয়। ঘটনার আকস্মিকতায় কেউ বুঝতে না বুঝতেই সন্ত্রাসীরা নিমিষে চলে যায়।”
তিনি জানান, ওই সময় বিরোধীদলীয় নেতা দোতলায় দলের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করছিলেন।
পুলিশ পাহারার মধ্যে এই গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মারুফ কামাল।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলি বর্ষণের ঘটনাটি শোনার পরই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
