‘খালেদার অফিসে গুলি ছুড়েছে সরকারের লোক’
ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই গুলশানে খালেদা জিয়ার কার্যালয় লক্ষ্য করে গুলি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই গুলশানে খালেদা জিয়ার কার্যালয় লক্ষ্য করে গুলি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ “গতকাল রাতে তিনটি মোটর সাইকেলে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলশানে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে গুলি করে পালিয়ে গেছে। এ থেকে প্রমাণ হয়, দেশে কোনো আইনের শাসন নেই, দেশে জঙ্গলের শাসন চলছে।”
এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ওই ঘটনার প্রতিবাদে ৪ এপ্রিল সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন ফখরুল।
রোববার রাতে ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ মোটর সাইকেলে করে এসে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে বিএনপির অভিযোগ।
ওই ঘটনার প্রতিবাদেই সোমবার সকালে নয় পল্টনে কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে দলটি।
মির্জা ফখরুল বলেন, “সরকারের মন্ত্রীরা বিএনপিকে সন্ত্রাসী দল বলে অপপ্রচার চালাচ্ছে। এই অভিযোগ মিথ্যাচার। আমরা বলতে চাই, আওয়ামী লীগই সারা জীবন সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে।”
ফখরুল বলেন, “সাধারণ মানুষের অধিকারের বিরুদ্ধে এ্ই আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মঙ্গলবার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল সফল করারও আহবান জানান তিনি।
রোববার জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বৈঠকের পর এই হরতালের ঘোষণা দেয়া হয়।
অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হাবিব উন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব এই সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি কার্যালয়ের সামনে টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি ভ্যানসহ তিনটি গাড়িতে আগুন দেয়া হয়। এ সময় কয়েকটি ককটেলও ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
