যুদ্ধাপরাধীর বিচার করবই: মতিয়া
নির্বাচনী ওয়াদা পূরণ করতে এ সরকার অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪ দলের জনসভায় তিনি বলেন, বিএনপি নির্লজ্জভাবে জামায়াতের সঙ্গে গাটছড়া বেঁধেছে।
“জামায়াত নারী নেতৃত্বকে হারাম বলে। নারী নেতৃত্ব বিশ্বাস করে না। মুখে বলে হারাম, আর কাছে গেলেই আরাম,” বলেন মতিয়া।
আর সুবিধার জন্য জামায়াত বিএনপির আচঁলের নিচে ঠাঁই নেয়।
তিনি বলেন, “আমাদের একটিই শপথ। যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার করবই করব। আমরা আমাদের নির্বাচনী ওয়াদার বরখেলাপ করতে পারি না।”
মতিয়া চৌধুরী আরো বলেন, খালেদা জিয়া বগুড়ায় সেনাবাহিনীকে ডাকলেন। ডাকলেই সেনাবাহিনী আসবে না।
জনসভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বগুড়ায় খালেদা জিয়া আসলেন। তিনি জামায়াতের যারা তাণ্ডব চালিয়েছিল তাদের পাশে রেখেই বক্তৃতা দিলেন। অথচ, জামায়াতের তাণ্ডবে বগুড়ার ধ্বংসস্তূপের কাছে গেলেন না।
কেয়ামত হয়ে গেলেও এদেশে তত্ত্বাবধায়ক সরকার আর প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না, বলেন নাসিম।
বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীনের সভাপতিত্বে মতিয়া চৌধুরী এবং মোহাম্মদ নাসিম ছাড়াও বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক, জাসদ নেত্রী শিরিন আকতার প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু।
