২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি হতে হবে সব দলের গ্রহণযোগ্য  

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, এমন একজনকেই রাষ্ট্রপতি করতে হবে, যার কোনো বদনাম নেই এবং যিনি দেশেকে সত্যিকার ভালবাসেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা খাড়াজোড়া খ্রিস্টান মিশনে শুক্রবার সকালে স্থানীয় প্রগ্রতিশীল ফোরামের এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এই অ্যাটর্নির জেনারেল বলেন, বর্তমান সরকারের মেয়াদ আছে আর মাত্র সাত-আট মাস। আগামী নির্বাচনে সরকারে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যকেউ আসতে পারে। কিন্তু রাষ্ট্রপতি হবেন আগামী পাঁচ বছরের জন্য।

তাই এমন একজনকে রাষ্ট্রপতি করতে হবে যিনি আওয়ামী লীগ-বিএনপিসহ সবার কাছেই গ্রহণযোগ্য হবেন। তা না হলে পদে পদে সমস্যা সৃষ্টি হবে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, তোমারা দেশের ভবিষ্যৎ। কিন্তু তোমরা দেশের রাজনীতিতে মাথা ঘামাবে না। দেশের রাজনীতি রাজনীতিবিদদের করতে দাও।

তিনি তাদের রাজনীতিতে মাথা না ঢুকিয়ে দেশকে এবং মা-বাবাকে ভালোবাসতে বলেন।

প্রগতিশীল ফোরামের সভাপতি ডা. কামরুল হাসানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান প্রমুখ।

প্রগতিশীল ফোরামের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বলেন, কালিয়াকৈরে অবস্থিত ওয়াল্টন কারখানার সহযোগিতায় এবং প্রগতিশীল ফোরামের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও মেধাবী ৯৬ জনকে তিন হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়েছে।

ওই ৯৬ জনকে পর্যায়ক্রমে ১০ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেয়া হবে।