২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ‘সন্ত্রাসের’ নেত্রী: মুহিত

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের নেত্রী’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তিনি হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে ‘পঙ্গু’ করতে চাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:35 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের মধ্যে বুধবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মুহিত বলেন, “এই হরতালের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা সন্ত্রাসী হরতাল, আর খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী। সন্ত্রাসীদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে পঙ্গু করে দেয়া।

“উনি (খালেদা জিয়া) বলেছেন, হরতালের মাধ্যমে সরকারের পতন হবে। কিন্তু হরতালের মাধ্যমে সরকারের পতন হবে না।”

মুহিত আরো বলেন, “উনি (খালেদা জিয়া) চাইছেন গতিশীল অর্থনীতিকে পঙ্গু করে দিতে। কিন্তু আমরা এটা প্রতিহত করব।”

হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, “হরতালে প্রধান সমস্যা হচ্ছে, আমদানি-রপ্তানি পণ্য চলাচলে বাধা সৃষ্টি হওয়া। এটা আমাদের ঠিক রাখতে হবে। এজন্য মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।”

এছাড়া হরতালের ক্ষতি পোষাতে ব্যাংক ও শুল্ক বিভাগেও বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

হরতালের ক্ষতি পোষাতে ব্যবসায়ী নেতারা মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রস্তাব দেন।

এরপর বুধবার বৈদেশিক লেনদেন পরিচালনাকারী ব্যাংকের সব শাখা শনিবার খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সাম্প্রতিক হরতাল নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা আইন করে হরতাল বন্ধেরও দাবি জানিয়েছে।

মুহিত এর আগে দেশ থেকে ‘হরতাল বিতাড়িত’ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে গণভোট হলে ৯০ শতাংশ মানুষই হরতালের বিপক্ষে যাবে।”

হল-মার্ক কেলেঙ্কারি

শ্রমিকদের স্বার্থে হল-মার্ক গ্রুপের কারখানাগুলো চালু করা প্রয়োজন বলে মনে করেন মুহিত। এজন্য প্রতিষ্ঠানটির সম্পদ ও দায়ের হিসাব বিবরণ প্রস্তুত করার জন্য সোনালী ব্যাংককে আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “হল-মার্কের বিভিন্ন ব্যবসা আছে, যেগুলো চালু হওয়া প্রয়োজন। হল-মার্ক যে টাকা নিয়ে গেছে, তা জনগণের টাকা। এ টাকা উদ্ধার করতে হবে। উদ্ধারের জন্য দরকার কারখানা চালু করা।”

তবে কারখানা চালুর জন্য কারখানাটিতে অর্থায়নের প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। 

হল-মার্কে প্রশাসক নিয়োগের কথা ওঠেছিল-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “প্রশাসক নিয়োগ হতে পারে। আমি অবশ্য প্রশাসক নিয়োগের কথা বলিনি।”

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে।

এরপর দুর্নীতি দমন কমিশনের করা মামলায় প্রতিষ্ঠানটির কর্ণধার তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামকে গ্রেপ্তর করে কারাগারে পাঠানো হয়েছে।

কারখানা চালুর জন্য ‘তাদের’ (গ্রেপ্তারকৃতদের) জামিনের প্রয়োজন হতে পারে বলে জানান মুহিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামিন দেবে আদালত। আর আদালত তো সব সময়ই অন্যদের তুলনায় বেশি যৌক্তিক আচরণ করে।”