রাজশাহীতে বিএনপি-জামায়াতের আটক ২০
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালে নাশকতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে ১৭ জন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের এবং তিন জন শিবিরকর্মী।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকরে পাশে পুলিশ ফাঁড়ি এলাকায় ছাত্রদলের রাবি শাখার নেতাকর্মীরা ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করার চেষ্টা করেন।
এই সময় তারা গাছের গুড়ি ফেলে প্রতিরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
ওই ঘটনার পর কাজলা, বিনোদপুর, বুধপাড়া, মির্জাপুর, তালাইমারী, মেহেরচণ্ডীসহ কয়েকটি এলাকায় থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।
ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে গেলে এই ঘটনা ঘটে।”
