রাষ্ট্রপতি পদে শেখ হাসিনায় আপত্তি নেই এরশাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাতে আপত্তি নেই জাতীয় পার্টির।
দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ একথা জানিয়ে এটাও বলেছেন যে তাকে সুযোগ দেয়া হলেও তা নিতেও রাজি তিনি।
মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ।
সংবিধান অনুযায়ী, আগামী ১৯ জুনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এর মধ্যে কয়েকজনের নাম গণমাধ্যমে আলোচনায় এসেছে।
স্বাধীনতা দিবসে মঙ্গলবার বনানীতে দলের কার্যালয়ে এক আলোচনা সভায় এরশাদ বলেন, রাষ্ট্রপতি কে হবেন এ নিয়ে একটা অস্পষ্টতা চলছে।
“প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা বলতে চাই, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে আমাদের নির্বাচনে যেতে আপত্তি নেই।”
প্রধান বিরোধী দল ইতোমধ্যে বলেছে, তারা রাষ্ট্রপতির পদে দল নিরপেক্ষ কোনো ব্যক্তিকে দেখতে চান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টি যোগ দেয়ার সময় দলের কর্মীদের আশা ছিল, এরশাদ রাষ্ট্রপতি হবেন। তবে তাদের সেই আশা পূরণ হয়নি।
রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে শনিবার তিস্তা লংমার্চ পরবর্তী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জানুয়ারি ২৮, ২০১২
“আমার ক্ষমতার লোভ নেই। আমার একটাই লক্ষ্য- দেশের মানুষকে প্রকৃত গণতন্ত্র উপহার দেব,” বলেন ’৯০ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক।
তিনি বলেন, “আমি মার্শাল ল-এর মাধ্যমে ক্ষমতায় এসেছিলাম। পরে রাজনৈতিক দল গঠন করি। দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য ক্ষমতা ছেড়েও দিয়েছিলাম। আজ গণতন্ত্র হুমকির সম্মুখীন।”
বিএনপির সরকার পতন আন্দোলন দেশকে অবশ্যম্ভাবী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন মহাজোটের এই নেতা, যদিও যে কোনো সময়ে এই জোট ছাড়ার হুমকিও দিয়ে রেখেছেন তিনি।
“মহাজোট আমাদের ছাড়তে হবে। আপনারা অপেক্ষা করুন। সঠিক সময়েই আমরা সিদ্ধান্ত জানাব,” আলোচনা সভায়ও বলেন তিনি।
এরশাদ বলেন, “সমস্ত দেশের মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা এখন নিয়ামক শক্তি, দেশের অভিভাবক। আমাদের ওপর সবকিছু নির্ভর করছে। জাতীয় পাটি ছাড়া নির্বাচন হবে না, সংবিধান বাঁচবে না।”
তরুণকর্মীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মন-প্রাণ দিয়ে জাতীয় পার্টি করতে হবে। দেশ, গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।”
শাহবাগ আন্দোলন
শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলন সরকারের জন্য ‘ক্ষতিকর’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন এরশাদ।
তিনি বলেন, “আমি প্রথমদিকে শাহবাগের আন্দোলনকারীদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু যখন দেখা গেল আন্দোলন দলীয়করণ হচ্ছে, তখন তা প্রত্যাহার করে নিয়েছি।”
“এই গণজাগরণ মঞ্চের কারণে সরকারের ক্ষতি হয়েছে। এই আন্দোলনের ফলে বিএনপি-জামায়াতের ঐক্য আরো সংহত হয়েছে, দেশ বিভক্ত হয়েছে।”
“যত শিগগির এটা শেষ হবে, ততই মঙ্গল,” বলেন জাপা চেয়ারম্যান।
