২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরকত উল্লাহ বুলু এলাকায় এলেন ২৫ দিন পর

সাম্প্রদায়িক তাণ্ডবের ২৫ দিন পর নির্বাচনী এলাকায় এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ গিয়ে এ বিএনপি সাংসদ আরো আগে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডের পর রাজগঞ্জে হিন্দু বসতি ও মন্দিরে ব্যাপক তাণ্ডব চালায় দলটির সমর্থকরা।

এলাকায় গিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে।

মুসলমানের নামে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ধর্ম নেই, দল নেই। এরা সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও লুটেরা।

এই সন্ত্রাসীরা বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী যে দলেরই হোক বা দল নিরপেক্ষ সন্ত্রাসী হোক না কেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আতংকগ্রস্ত হিন্দু সম্প্রদায়েরর পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান বুলু।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করেন।

বরকত উল্লাহ বুলুর সঙ্গে তার স্ত্রী শামিমা বরকত লাকি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।