খালেদা বগুড়া পৌঁছেছেন
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শনিবার রাত পৌনে ৯টায় বগুড়া পৌঁছেছেন ।
সার্কিট হাউজে পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকা, সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, পৌর মেয়র মাহবুবুর রহমান, গাবতলী পৌর মেয়র ও থানা সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন প্রমুখ।
সম্প্রতি বিরোধী দলগুলোর হরতাল কর্মসূচি পালনের সময় ব্যাপক সহিংসতা ঠেকাতে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে এবং জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনের জন্য খালেদা ঢাকা থেকে সড়ক পথে বগুড়া পৌঁছান।
বগুড়া যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানান।
খালেদা জিয়ার প্র্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানো এবং সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে বিরোধী দলীয় নেতা বগুড়া আসেন। তিনি রোবাবার জয়পুরহাট যাবেন।’’
রোববার সকাল সাড়ে ১০টায় বিরোধী দলীয় নেতার কর্মসূচি শুরু হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, রোববার সকালে বগুড়া থেকে জয়পুরহাটে যাওয়ার পথে মাটিঢালী বিমান মোড় ও শিবগঞ্জে পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও একটি পথসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। এরপর জয়পুর হাটের পাঁচবিবির শালাইকো উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে একটি শোকসভায় যোগ দেবেন তিনি।
জয়পুর হাট থেকে বগুড়া ফেরার পথে গাবতলীর রামেশ্বরপুর ও সোনারায় ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, একটি শোকসভায় যোগদান এবং বিকালে শাহজাহানপুরের আড়িয়াবাজার মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন।
শাহজাহানপুরে জনসভা শেষ করে রাতেই ঢাকা ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিরোধী দলীয় নেতা তার বগুড়া সফর একদিন পিছিয়েছেন।
